জাতীয়

স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ে এসি ব্যবহার করি না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল, ২৫ এপ্রিল – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন যে তারেক রহমানের সরকার দেশ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি জানান যে সরকারি কার্যক্রমে মিতব্যয়িতা বজায় রাখতে তারা মন্ত্রণালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহার করেন না এবং ফ্যান ব্যবহার করেই দাপ্তরিক কাজ পরিচালনা করেন। শনিবার দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খরিপ মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কৃষকদের মাঝে সরকারি সহায়তা ও উপকরণ বিতরণের লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য প্রদানকালে মন্ত্রী দাবি করেন যে বিগত সরকারের সময় ব্যাপক দুর্নীতির ফলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করলেও অর্থনীতির শূন্যতা কাটিয়ে উঠতে বেগ পেতে হয়েছে।

বর্তমান সরকার অত্যন্ত সীমিত সম্পদ নিয়ে নতুন করে অগ্রযাত্রা শুরু করেছে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে দেশের উন্নয়নের লক্ষে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা তাদের প্রধান লক্ষ্য। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তিনি স্মরণ করিয়ে দেন। জনগণের ঐকান্তিক সহযোগিতায় একটি স্বনির্ভর অর্থনীতির দেশ গঠন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language