জাতীয়

যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য জন্মদান নয়: বাংলাদেশিদের প্রতি মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ঢাকা, ২৯ এপ্রিল – ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বিশেষ সতর্কবার্তা প্রদান করেছে। এই বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কেবল মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া দেশটির ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন।

বুধবার সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কেবলমাত্র সন্তানের নাগরিকত্ব লাভের উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে তা ভিসার নীতিমালার পরিপন্থী হিসেবে গণ্য হবে। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন যে কোনো আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তাকে দেশটির নাগরিক বানানো, তবে সেই ব্যক্তির ট্যুরিস্ট ভিসার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।

দূতাবাস আরও জানায় যে, এই ধরনের কার্যকলাপ বর্তমান মার্কিন ভিসা নীতিমালার আওতায় বৈধ নয়। এ কারণে ভিসা প্রত্যাশীদের আবেদনের সময় তাদের ভ্রমণের সঠিক ও প্রকৃত উদ্দেশ্য উল্লেখ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সতর্কবার্তায় আরও বলা হয় যে, ভুল তথ্য প্রদান কিংবা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ীভাবে ভিসা পাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language