শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ও প্রতারণা: চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা, ২৫ এপ্রিল – এসএসসি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন মো. সিফাত আহমেদ সজিব, মো. সালমান, মো. মেছবাউল আলম মাহিন এবং মো. মহিদুজ্জামান মুন্না।

সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের সময় গত ২০ এপ্রিল “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামের একটি ফেসবুক পেজের সন্ধান পায়। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই ঢাকার আশুলিয়া থানার জিরাবো তাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সজিবের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৩ এপ্রিল বগুড়ার ধুনট এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ এলাকা থেকে যথাক্রমে সালমান ও মেছবাউল আলম মাহিনকে গ্রেফতার করা হয়।

তাদের ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলার তাড়াশ এলাকা থেকে মহিদুজ্জামান মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিভিন্ন চ্যাটিং ও কারসাজির প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরীক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছিল। এই ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language