চাঁদপুরে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তা

চাঁদপুর, ২৫ এপ্রিল – চাঁদপুরে জাটকা সংরক্ষণে মার্চ এবং এপ্রিল এই দুই মাস পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই সময়ে জেলেদের জীবনধারণের জন্য বিগত বছরগুলোর মতো এ বছরও চার মাস মেয়াদে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চালের বরাদ্দ দিয়েছে সরকার। তবে নিয়মিত চাল সহায়তার পাশাপাশি চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে আট হাজার জেলের জন্য এবার সরকারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা প্যাকেজ প্রদান করা হচ্ছে।
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অর্ধ লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে চলতি বছর ৩৯ হাজার ৪০০ জেলের জন্য নিয়মিত ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে প্রথম দুই কিস্তির চাল বিতরণ শেষ হয়েছে এবং দ্বিতীয় কিস্তির চাল বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে।
এর পাশাপাশি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা প্রবণ এলাকার সাড়ে আট হাজার জেলেকে বিশেষ খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে। এপ্রিল মাসের মধ্যেই এই সহায়তা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। বিশেষ এই খাদ্য সহায়তার প্যাকেজে ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ এবং ৮ কেজি মসুর ডাল অন্তর্ভুক্ত রয়েছে। চাঁদপুর উপকূলীয় এলাকার জেলেরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যে কেবল চাল দিয়ে তাদের সংসার চালানো সম্ভব নয়। জেলেদের এই দাবির প্রেক্ষিতে সরকার এবার বিশেষ এই বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করেছে।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









