শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

ঢাকা, ২৪ এপ্রিল – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে বেলা ১১টায় এই পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর ১২টা পর্যন্ত। এক ঘণ্টার এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৩১টি বিষয়ে ভর্তির জন্য মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সারা দেশের ৮৮০টি কলেজে মোট আসন সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন রয়েছে।

আবেদনের তথ্যানুযায়ী, সরকারি কলেজগুলোতে ৩ লাখ ৯৪ হাজার ২২৯টি এবং বেসরকারি কলেজগুলোতে ৫৮ হাজার ৯১৯টি আবেদন জমা পড়েছে।

উপাচার্য জানান, ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রসহ মোট ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপাচার্য ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ রোডম্যাপের কথা জানান। তিনি বলেন, সেশনজট কমাতে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং আশা করা যাচ্ছে ২০২৭ সালের শেষ নাগাদ এই সমস্যা পুরোপুরি নিরসন হবে।

স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম বর্ষের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় বর্ষেও ১০০ নম্বরের কমিউনিকেটিভ ইংলিশ কোর্স এবং আইসিটি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষক সংকট নিরসনে ইউনিসেফের সহায়তায় সারা দেশের প্রায় ১২ হাজার আইসিটি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language