জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা আজ: সাড়ে ৪ লাখ পরীক্ষার্থীর লড়াই

ঢাকা, ২৫ এপ্রিল – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সারা দেশের ৮৮০টি কলেজে ৩১টি বিভাগে মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি শূন্য আসন রয়েছে। আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় সমান হলেও সরকারি ও বেসরকারি কলেজের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ৩৭৫টি সরকারি কলেজের ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি।
অন্যদিকে ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে মাত্র ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে সরকারি কলেজগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বেসরকারি কলেজে প্রচুর আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডিজিটাল জালিয়াতি বা কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হবে। কেউ অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত আট বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও চলতি বছর থেকে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হলো। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









