রাজধানীর উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৫ এপ্রিল – রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার তাগিদ দেন। তিনি উল্লেখ করেন যে, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর এক এলাকা এবং দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।
সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এসব হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে এবং নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র প্রদান করা হবে। এর ফলে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস শুরু ও শেষের সময় সড়কে সৃষ্ট যানজট নিরসনেও কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল ও কলেজের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এই সমস্যা সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের কাজে ব্যবহারের প্রস্তাব দেন তিনি। উক্ত বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









