সিলেট

সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা

সিলেট, ২৪ এপ্রিল – সিলেট বিভাগের চার জেলাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের মোট পাঁচটি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ভারতের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা ও কুশিয়ারাসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার রাতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই পূর্বাভাস প্রদান করেছে। পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা এবং ধনু-বাউলাই নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ভুগাই ও কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও সামগ্রিকভাবে নদ-নদীগুলো প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় স্বাভাবিক বৃষ্টি হলেও আগামী সাত দিন অর্থাৎ ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভারি বর্ষণ হতে পারে। আগামী এক সপ্তাহে অঞ্চলভেদে ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ ২৮ এপ্রিল থেকে সুরমা, কুশিয়ারা, ধনু-বাউলাই ও কংসসহ প্রধান নদীগুলোর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language