উত্তর আমেরিকা

হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টাকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

ওয়াশিংটন, ২৩ এপ্রিল – পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর সরাসরি গুলি চালানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, প্রয়োজনে হামলাকারীদের ধ্বংস করতেও দ্বিধা করা হবে না।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যে কোনো নৌকা এমনকি ছোট নৌকাও যদি হরমুজের পানিতে মাইন বসানোর চেষ্টা করে তবে তাদের গুলি করে ধ্বংস করতে হবে।

আন্তর্জাতিক এই নৌপথে কোনো ধরনের নাশকতা বা মাইন স্থাপন বরদাশত করা হবে না বলে ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে। তার মতে এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি পরিবহন ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

এ সময় তিনি আরও জানান যে বর্তমানে মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালি পরিষ্কার করার কাজ করছে। এই কার্যক্রম আগের তুলনায় তিনগুণ দ্রুত গতিতে এবং আরও জোরালোভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই কঠোর নির্দেশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language