মেসির রেকর্ড গড়া গোল ও ভিএআর বিতর্ক: ফিফা বিশ্বকাপের নতুন আলোচনা

বুয়েনোস আইরেস, ২৩ জুন – বিশ্ব ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পর এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে ফিফা বিশ্বকাপের মঞ্চ।
আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে লিওনেল মেসির রেকর্ড গড়া গোলকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ম্যাচে মেসি যখন নিজের ক্যারিয়ারের নতুন মাইলফলক স্পর্শ করা গোল উদযাপনে ব্যস্ত, তখন অস্ট্রিয়া শিবিরে দেখা যায় চরম হতাশা ও ক্ষোভ। তাদের দাবি ছিল, গোলের আগে আক্রমণ গড়ে ওঠার মুহূর্তে অস্ট্রিয়ার ডিফেন্ডার জাভার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
সেই ঘটনার সূত্র ধরেই বলের দখল বদলে যায় এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা গোল পায়। মাঠের রেফারি অস্ট্রিয়ার এই আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। পরবর্তী সময়ে ভিএআর পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেও রেফারির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখেনি।
ভিএআর প্যানেলের মতে, ম্যাক অ্যালিস্টার ও শ্লাগারের মধ্যে হওয়া শারীরিক সংঘর্ষকে স্পষ্ট ফাউল বলার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না। ফলে একে রেফারির ভুল হিসেবে বিবেচনা করা হয়নি এবং রেফারিকে অন ফিল্ড রিভিউয়ের জন্য ডাকাও হয়নি।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের বিশ্লেষণেও ভিএআরের এই সিদ্ধান্তকে সঠিক বলে অভিহিত করা হয়েছে। বিশ্লেষণে জানানো হয় যে, চলতি বিশ্বকাপে ভিএআর হস্তক্ষেপের মানদণ্ড বেশ কঠোর রাখা হয়েছে।
মাঠের রেফারির সিদ্ধান্ত বদলাতে হলে ভিএআরের কাছে অকাট্য প্রমাণ থাকতে হয়, যা এই ঘটনায় অনুপস্থিত ছিল। ফলে শেষ পর্যন্ত মেসির রেকর্ড গড়া গোলটি বৈধ হিসেবেই গণ্য হয়।
এনএন/ ২৩ জুন ২০২৬









