অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী, ২২ এপ্রিল – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বুধবার জাতীয় সংসদে রাজশাহী ১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে জানান, সম্প্রতি বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে ৪৪তম বিসিএসে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন এবং ৪৮তম বিসিএসে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এছাড়া ৪৫তম বিসিএসে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০টি সহকারী সার্জনের পদ পূরণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সিনিয়র স্টাফ নার্সের শূন্যপদ পূরণের উদ্যোগও প্রক্রিয়াধীন আছে বলে তিনি সংসদকে জানান। মিডওয়াইফ নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ১৩ মার্চ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অতি দ্রুতই এসব শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে নিয়োগপত্র প্রদান করা হবে।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









