প্রাথমিক শিক্ষা পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা: ববি হাজ্জাজ

ঢাকা, ২২ এপ্রিল – প্রাথমিক শিক্ষার স্তর পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করছে সরকার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য জানান। তিনি বলেন, সরকার ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা নিশ্চিত করতে চায় এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে আর্থিক প্রণোদনা প্রদান অপরিহার্য।
নতুন শিক্ষাক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান পদ্ধতিতে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশ এবং গল্পের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। তবে এই কারিকুলাম বাস্তবায়নে কোনো তাড়াহুড়ো করা হবে না বরং সবার সাথে আলোচনার মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ করা হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, দেশের ৬৫ হাজার স্কুলে কোনো নিরাপত্তা কর্মী নেই। ফলে সরঞ্জামের নিরাপত্তার অভাব একটি বড় সমস্যা।
তিনি আরও জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় একটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কোচিং সেন্টার ও নোট গাইড ব্যবসা বন্ধের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সভায় গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবি জানানো হয়।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ২০২৬-২৭ অর্থ বছরে শিক্ষা খাতে জিডিপির অন্তত ২.৫ শতাংশ অথবা জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখা প্রয়োজন। শিক্ষা বাজেট ঘাটতি পূরণে করপোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির ৩০ শতাংশ ব্যবহার এবং ভারতে প্রচলিত এডুকেশন সেস এর মতো বিশেষ তহবিল গঠনের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









