সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম

ঢাকা, ২১ এপ্রিল – দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সপ্তাহের প্রতি বুধবার এবং বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার যথারীতি সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এই নতুন নির্দেশনাটি আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









