রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান

ঢাকা, ২২ আগস্ট – রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬ : অংশীদারিত্ব, স্বীকৃতি ও প্রতিশ্রুতির এক সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের নয় বছর পূর্তি এবং শরণার্থী সংকটের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে।
হুমায়ুন কবির আরও বলেন, পাশাপাশি তৃতীয় দেশে পুনর্বাসন এবং রোহিঙ্গাদের জন্য অন্যান্য দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে এই দীর্ঘস্থায়ী সংকটের বোঝা বহনে সহায়তা করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান যে, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই একটি বিস্তৃত সংকটে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রোহিঙ্গা সংকটের সমাধানকে বৈদেশিক নীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।
আইআরসির এশিয়া অঞ্চলের উপ আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, গতানুগতিক ধারায় আমরা এই সংকটকে সামনের বছরগুলোতে মোকাবিলা করতে পারব না কারণ মানবিক সহায়তার তহবিল ক্রমান্বয়ে কমে আসছে। অন্যদিকে রোহিঙ্গা মানবাধিকারকর্মী লাকি করিম মিয়ানমারের রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি শরণার্থী শিবিরে মানসম্মত শিক্ষা ও জীবিকা অর্জনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এনএন/ ২২ আগস্ট ২০২৬









