বিচ্ছেদ সম্পন্ন করতে থালাপতি বিজয়ের কাছে ৩৫০ কোটি টাকা দাবি স্ত্রীর

চেন্নাই, ২১ এপ্রিল – তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া বর্তমানে খোরপোশের অঙ্ক নিয়ে জটিলতায় রূপ নিয়েছে। বিচ্ছেদের বিনিময়ে তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম প্রায় ৩৫০ কোটি টাকা বা ২৫০ কোটি রুপি দাবি করেছেন বলে জানা গেছে। মূলত খোরপোশের এই বিশাল পরিমাণ অর্থ নিয়ে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।
অভিনেতা বিজয় বর্তমানে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের কাজে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের অন্যতম প্রার্থী হওয়ায় ব্যক্তিগত কারণে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানিটি স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এর ফলে আপাতত থালাপতি ও সঙ্গীতার আইনি বিচ্ছেদ প্রক্রিয়া আরও দুই মাস পিছিয়ে গেল।
মামলার সূত্রে জানা যায় যে সঙ্গীতা ২৫০ কোটি রুপির পাশাপাশি চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বাড়ির মালিকানা দাবি করেছেন। বিপরীতে অভিনেতা বিজয় বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নিতে চাইছেন। তিনি খোরপোশ বাবদ সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও সঙ্গীতা নিজের দাবিতে অনড় রয়েছেন।
বর্তমানে এই বড় ব্যবধান নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে সঙ্গীতা অভিযোগ করেছিলেন যে অন্য এক অভিনেত্রীর সাথে বিজয়ের মেলামেশার কারণে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে ফাটল ধরে। ২০২১ সাল থেকেই তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে বিজয় তার স্ত্রীকে ত্যাগ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে দম্পতির পুত্র জেসন সঞ্জয়ও তার বাবার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এনএন/ ২১ এপ্রিল ২০২৬









