স্মরণ

বাবার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত: নুহাশ হুমায়ূন

ঢাকা, ৬ জুন – জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন বলেছেন, বাবা আমাদের নিয়ে এত বেশি লিখেছেন যে মানুষ যখন আমাদের সঙ্গে কথা বলে, তখন মনে হয় তারা কোনো বইয়ের চরিত্রের সঙ্গেই কথা বলছে। মানুষের মধ্যে আমাদের নিয়ে এই আগ্রহ বা ভালোবাসা মূলত তাদের এক ধরনের আনন্দ দেয়।

শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘হুমায়ূন স্মরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নুহাশ আরও বলেন, পৃথিবীর যেখানেই গিয়েছি, সেখানে বাবাকে নিয়ে আলোচনা হতে দেখেছি। সন্তান হিসেবে এটি একটি অভাবনীয় অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। মানুষ হুমায়ূন আহমেদকে নিজের পরিবারের সদস্য মনে করে।

আর তারই অংশ হিসেবে আমার মা, বোন ও আমার জন্য মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন এবং ঘেটুপুত্র কমলা চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। ছবির প্রসঙ্গ টেনে নুহাশ বলেন, শিল্পকলায় আসার আগে একজনকে দেখলাম যিনি বৃষ্টিতে ভিজে পঞ্চমবারের মতো শ্রাবণ মেঘের দিন দেখলেন এবং আমার কাছে সেই ভালোলাগা শেয়ার করলেন।

এটিই প্রমাণ করে সাধারণ মানুষ বাবাকে কতটা আপন করে নিয়েছে। বাবার লেখক জীবনের পরিশ্রমের চিত্র তুলে ধরে নুহাশ বলেন, তিনি ভোর থেকে দুপুর পর্যন্ত টানা লিখে যেতেন। সারাদিন লেখার পর বাসায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করতেন। কোনো লেখা পছন্দ না হলে সেটি ছিঁড়ে নতুন করে শুরু করতেন।

একজন সৃজনশীল মানুষকে যে কতটা পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হয়, তা খুব অল্প বয়সে বাবাকে দেখেই শিখেছি। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলি ও শিল্প দর্শন শীর্ষক প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র গবেষক ড. শাহাদৎ রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা ও অধ্যাপক ড. মতিন রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language