মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট, ১৬ ফেব্রুয়ারি – মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রয়াণ দিবস উপলক্ষ্যে তার জন্মস্থান সিলেট এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি স্মরণে বেলা ১১টায় রাওয়া হেলমেট হলে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। জেনারেল ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে ভূগোলে এমএ পড়ার সময় তিনি ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।
১৯৪০ সালে দেরাদুন সামরিক একাডেমি থেকে তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে কিং কমিশন লাভ করেন। ১৯৪২ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ২৩ বছর বয়সে তিনি ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর হিসেবে একটি ব্যাটালিয়নের অধিনায়ক হয়ে নজিরবিহীন রেকর্ড গড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মিয়ানমার রণাঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তিনি দক্ষতার পরিচয় দেন। ১৯৬৭ সালে তিনি কর্নেল পদে থাকাকালীন অবসরে যান। পরবর্তী সময়ে ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে অসামান্য নেতৃত্ব প্রদান করেন। স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬







