স্মরণ

শিল্পকলা একাডেমিতে হুমায়ূন আহমেদ স্মরণ: থাকছে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা

ঢাকা, ৪ জুন – শিল্প ও সংস্কৃতির বরেণ্য ব্যক্তিদের স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদকে স্মরণ করা হবে।

একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠানের সূচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা এবং হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের প্রদর্শনী।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেমিনার পর্বে চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ড. শাহাদাৎ রুমন। প্রবন্ধের ওপর প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অধ্যাপক ড. মতিন রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের পুত্র ও নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

সেমিনার শুরুর আগে বিকেল ৪টায় হুমায়ূন আহমেদের জনপ্রিয় চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন প্রদর্শিত হবে। পরবর্তীতে রাত ৮টায় প্রদর্শিত হবে ঘেটুপুত্র কমলা। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি হুমায়ূন আহমেদ রচিত জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পীরা। এই আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এস এম/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language