মেহেরপুর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও গ্রামবাসী

মেহেরপুর, ৬ জুন – মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। শনিবার ভোরে সীমান্তের আন্তর্জাতিক পিলারের কাছে এই ঘটনা ঘটে।

বিজিবি ও গ্রামবাসীদের বাধার মুখে ওই ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে তারা দুই দেশের শূন্যরেখায় অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া সীমান্ত এলাকা দিয়ে দুই নারী, দুই পুরুষ, এক বৃদ্ধ ও এক শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী সেখানে অবস্থান নেওয়ায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। বিএসএফ কাঁটাতারের বেড়ার একাংশ খুলে দিয়ে তাদের এপারে পাঠানোর চেষ্টা করলেও তীব্র বাধার মুখে তা সম্ভব হয়নি। তবে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরেও ফিরিয়ে নেয়নি।

ফলে তারা শূন্যরেখায় মানবেতর পরিস্থিতিতে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে পুশ ইন বন্ধ করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বিএসএফকে বারবার অনুরোধ করা হচ্ছে।

এছাড়া ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং বিষয়টির সুরাহা করতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তেঁতুলবাড়ীয়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, বিএসএফকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখনো কোনো সাড়া দেয়নি।

তবে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন করতে দেওয়া হবে না। বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button