পুশ-ইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবি ও স্থানীয়দের কড়া নজরদারি

মেহেরপুর, ১৪ জুন – ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা রুখে দিতে মেহেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বর্তমানে সক্রিয় রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে,
দেশের ২৬টি সীমান্ত জেলায় বর্তমানে প্রায় ৬০ হাজার সদস্য মোতায়েন রয়েছে। সীমান্ত চৌকি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি চার শিফটে ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
গত ৬ জুন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তসহ কয়েকটি এলাকায় বিএসএফের কথিত পুশ-ইন প্রচেষ্টার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিজিবি ও এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকও হয়েছে।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান,
নিরাপত্তা জোরদারে তারা বিজিবির পাশে দাঁড়িয়েছেন। রাতভর টর্চলাইট, বাঁশি ও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় টহলে অংশ নিচ্ছেন গ্রামবাসীরা। এতে সীমান্ত এলাকায় জনসচেতনতা যেমন বেড়েছে, তেমনি সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করা সহজ হচ্ছে।
৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত তৎপরতায় নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী হয়েছে। ফলে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
এস এম/ ১৪ জুন ২০২৬









