ঘুষ নিয়ে বিতর্কিত মন্তব্য: কাস্টমস কর্মকর্তা সিরাজুল ইসলাম বরখাস্ত

ঢাকা, ৬ জুন – কর্মস্থলে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য প্রদান এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিরাজুল ইসলাম ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন। আদেশে বলা হয়, তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরুর সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ এর ১ অনুযায়ী তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মক্ষেত্রে নিজের দুর্নীতি সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে ঘুষ গ্রহণের বিষয়ে মন্তব্য করতে দেখা যায়।
সেখানে তিনি দাবি করেন যে তিনি ঘুষ নিলেও কাউকে বাধ্য করেন না বরং কেউ স্বেচ্ছায় যা দেন তাই গ্রহণ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজস্ব প্রশাসনসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এছাড়া এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।
এস এম/ ৬ জুন ২০২৬









