জাতীয়

শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান শামা ওবায়েদের

ঢাকা, ৬ আগস্ট – মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সে বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার বক্তব্যের অনুমতি দেবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, তাও স্পষ্ট করা প্রয়োজন।

শামা ওবায়েদ জানান, কূটনৈতিক ভাষায় একটি দেশকে যেভাবে বার্তা দেওয়া যায়, সরকার সেই চেষ্টা করেছে। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন প্রতিবেশী দেশের মাটিতে বসে কথা বলেন এবং সেদেশের সরকার যখন তা অনুমোদন করে, তখন বাংলাদেশের মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, এই পরিস্থিতিই বলে দেবে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন উভয় দেশের সরকার ও জনগণই প্রত্যাশা করে। তবে ভারতে বসে স্বৈরাচারী ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা যদি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যান এবং ভারত তা বন্ধ না করে, তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য হুমকিস্বরূপ হতে পারে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে যা আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। শামা ওবায়েদ বলেন, আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তবে সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গায় দাঁড়িয়ে। বাংলাদেশের স্বার্থ বজায় রেখেই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা প্রয়োজন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্কের অনেকগুলো দিক থাকে। পানি ইস্যু, সীমান্ত ইস্যু এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে নিয়মিত সংলাপ ও আলোচনা অব্যাহত থাকবে।

এনএন/ ৬ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language