আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: লাইসেন্স বাতিলের হুমকিকে বেআইনি দাবি আইনজীবীর

ঢাকা, ৬ জুন – রাজধানীর আদ্ দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক হাসপাতালটির লাইসেন্স বাতিলের হুমকির সমালোচনা করেছে কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছেন।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয় যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এই নোটিশের জবাব আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তবে জবাবে সন্তুষ্ট না হলে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না এমন শর্ত জুড়ে দেওয়াকে সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেছেন আইনজীবী শিশির মনির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলে শিশির মনির বলেন শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্যের কথা বলা হয়েছে।
কিন্তু ওই ওয়ার্ডে গ্যাসের মাত্রা ঠিক কতটুকু ছিল বা কতটুকু অক্সিজেন থাকলে শিশুর মৃত্যু এড়ানো যেত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা ব্যাখ্যা প্রতিবেদনে নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান। তিনি বলেন আমরা চাই প্রকৃত দোষীদের শাস্তি হোক কিন্তু আমরা হাসপাতাল বন্ধ করা হোক তা চাই না।
তিনি আরও জানান তার আগের দুই সন্তান এই হাসপাতালেই সুস্থভাবে জন্ম নিয়েছে। সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলো উপস্থিত ছিল। এ সময় ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা কর্মসংস্থান ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে আদ্ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
এস এম/ ৬ জুন ২০২৬









