রেশন দুর্নীতি মামলায় ইডির তলবে বিপাকে নুসরাত জাহান

কলকাতা, ২০ এপ্রিল – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাকে এই তলব করা হয়েছে।
সংশ্লিষ্ট সময়ে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে নুসরাত কলকাতায় হাজির না হয়ে দিল্লিতে হাজিরার জন্য তদন্ত কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন।
তৃণমূল কংগ্রেসের সাবেক এই সংসদ সদস্য গত পাঁচ বছর বসিরহাটের দায়িত্বে থাকলেও সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তাকে আর দল থেকে প্রার্থী করা হয়নি। বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে আগের চেয়ে কম সক্রিয় থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কর্মসূচিতে তাকে নিয়মিত সামনের সারিতে দেখা যায়। অন্যদিকে তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত এক সময় ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে নিজেকে রাজনীতি থেকে অনেকটা সরিয়ে নিয়েছেন।
বর্তমানে এই তারকা দম্পতি তাদের নিজস্ব প্রযোজনা সংস্থার কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এরই মধ্যে তাদের প্রযোজনায় একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা আলোচনার মাঝেও তারা নিজেদের কাজ অব্যাহত রেখেছেন।
এনএন/ ২০ এপ্রিল ২০২৬









