উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

, , , , , , , ,

ওয়াশিংটন, ১৬ জুলাই – যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। কয়েক দশকের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটিয়ে এখন থেকে বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে।

এর আগে নির্দিষ্ট শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেতেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) নতুন এই নিয়ম জারি করেছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচির আওতায় আসা অতিথিরা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে এক দফায় অবস্থানের সর্বোচ্চ সময়সীমা ২৪০ দিন নির্ধারণ করা হয়েছে। তবে চীনা সাংবাদিকদের জন্য এই সময়সীমা হবে মাত্র ৯০ দিন।

বিভাগটি জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অন্যথায় দেশ ত্যাগ করে পুনরায় নতুন আবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এই নিয়ম ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর থেকে কার্যকর হবে, তবে তার আগে কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন পড়বে।

ডিএইচএস তাদের বিবৃতিতে দাবি করেছে, স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় তাদের ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়েছে।

তবে অভিবাসন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছেন, নতুন এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা এবং গবেষণার ব্যয় বৃদ্ধির পাশাপাশি নানা জটিলতা তৈরি হবে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে মেধা চর্চার কেন্দ্র হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণ হ্রাস পেতে পারে বলেও তারা আশঙ্কা করছেন।

এনএন/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language