মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিক পাওয়া গেলেই বহিষ্কার করা হবে: আনোয়ার ইব্রাহিম

কুয়ালালামপুর, ১৬ জুলাই – মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন যে তারা ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেন না এবং এই অবস্থানে তারা অটল থাকবেন।
সম্প্রতি জোহর রাজ্যের ফরেস্ট সিটি এলাকায় নেটওয়ার্ক স্কুল নামক একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের পেছনে ইসরায়েলি নাগরিকের মালিকানা রয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জোহর রাজ্য সরকার কেন্দ্রীয় প্রশাসনকে বিষয়টি তদন্তের অনুরোধ জানায়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মালয়েশিয়া দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার। কূটনৈতিক সম্পর্কের অনুপস্থিতিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
উদ্ভুত পরিস্থিতিতে দেশটির অভিবাসন বিভাগ ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে অভিযান পরিচালনা করে। ওই এলাকায় অবস্থানরত ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করা হলেও সেখানে কোনো অবৈধ নাগরিক বা ইসরায়েলি পাসপোর্টের সন্ধান পাওয়া যায়নি। অভিবাসন পুলিশ জানিয়েছে যে অভিযানে পরীক্ষা করা প্রত্যেক বিদেশি নাগরিকের কাছে বৈধ নথিপত্র রয়েছে।
এনএন/ ১৬ জুলাই ২০২৬









