জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি বছর ৫০০ বৃত্তি দিচ্ছে সৌদি আরব

ঢাকা, ১৬ জুলাই – বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এই ঘোষণা প্রদান করেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তার দেশের গভীর আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহায়তার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত জানান যে সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তির বরাদ্দ নিশ্চিত করেছে এবং বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়েছে।

বৈঠকে সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ এবং শ্রমবাজারের নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই পক্ষ হজ ও ওমরাহ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।

বর্তমানে সৌদি আরবে বসবাসরত ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি দেশটির উন্নয়নে এবং বাংলাদেশের অর্থনীতিতে যে অনবদ্য অবদান রাখছেন তা বৈঠকে বিশেষভাবে উল্লেখ করা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সৌদি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

এনএন/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language