বিশ্বকাপের ফাইনালের আগে স্পেন শিবিরে চোট আতঙ্ক, অনুশীলনে নেই ইয়ামাল ও পোরো

নিউইয়র্ক, ১৭ জুলাই – আসন্ন ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার লক্ষ্যে পূর্ণ প্রস্তুতি শুরু করেছে স্পেন। গত বৃহস্পতিবার নিউ জার্সিতে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর প্রথমবারের মতো অনুশীলনে নামে দলটি। তবে প্রথম দিনের এই গুরুত্বপূর্ণ সেশনে মাঠে দেখা যায়নি দলের দুই অপরিহার্য তারকা লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে।
স্প্যানিশ কোচিং স্টাফের দেওয়া তথ্য অনুযায়ী, টানা ম্যাচ খেলার ধকল সামলাতে এবং পেশির অতিরিক্ত চাপ বা মাসল ওভারলোড এড়াতে দু জনকেই বিশ্রাম দেওয়া হয়েছে।
যখন দলের বাকি সদস্যরা নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং গ্রাউন্ডে রন্ডো অনুশীলনে ব্যস্ত ছিলেন, তখন ইয়ামাল ও পোরোকে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যায়। বিশেষ করে ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে।
উল্লেখ্য যে, ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে খেলার সময় তিনি একই স্থানে চোট পেয়েছিলেন। এই চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে তিনি শুরুর একাদশে ছিলেন না। পরবর্তীতে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তার খেলার সময় ধাপে ধাপে বাড়ানো হলেও নকআউট পর্বের তিনটি ম্যাচেই তিনি পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।
অন্যদিকে ডান প্রান্তের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী পেদ্রো পোরো বিশ্বকাপের চলতি আসরে পাঁচটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। নকআউট পর্বের প্রায় পুরো সময়টাই তিনি মাঠে কাটিয়েছেন।
সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের ম্যাচে ইয়ামাল ও পোরো দু জনই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন মিকেল ওইয়ারজাবাল এবং দ্বিতীয় গোলটি আসে পোরোর পা থেকে।
আগামী রোববার নিউ জার্সির মাঠে বিশ্বজয়ের লড়াইয়ে নামবে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে স্পেনের ঘরে উঠবে দ্বিতীয় শিরোপা আর আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের চতুর্থ বিশ্বকাপ জয়।
এনএন/ ১৭ জুলাই ২০২৬









