না ফেরার দেশে অভিনেতা বিপ্লব দাশগুপ্ত, টলিউডে শোকের ছায়া

কলকাতা, ২৪ এপ্রিল – টলিউডের প্রবীণ অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত পরলোকগমন করেছেন। আজ ২৫ এপ্রিল হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
গত প্রায় দেড় বছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রুমা দাশগুপ্ত ও কন্যা প্রিয়ম দাশগুপ্তসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। বর্ষীয়ান এই শিল্পীর প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্রসহ বিনোদন জগতের অনেকে।
দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডের বাসভবন থেকে বিকেল সোয়া ৫টার দিকে তার মরদেহ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে আসা হয়। সেখানে টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ফেলুদা, বাইশে শ্রাবণ এবং গুমনামির মতো জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
২০১৯ সালে শৈবাল মিত্র পরিচালিত দেবতার গ্রাস ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
অভিনয়ের পাশাপাশি সাহিত্য ও নাট্যজগতেও তার বিশেষ পরিচিতি ছিল। কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও পরবর্তীতে বাচিকশিল্পী, আবৃত্তি এবং বিজ্ঞাপন জগতের একজন সফল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রিতে গভীর শোক নেমে এসেছে।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬









