তামিলনাড়ুর আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯

তামিলনাড়ু, ২০ এপ্রিল – ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে গতকাল এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল। তারা কারখানার ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ কারখানাটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
এনএন/ ২০ এপ্রিল ২০২৬









