অপরাধ

৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ ৩ সরকারি কর্মকর্তা গ্রেফতার: সিআইডির জালে প্রক্সি জালিয়াতি চক্র!

ঢাকা, ৩১ জুলাই – সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নুরন্নবী, মো. সোহেল এবং জুলফিকার আলী ওরফে রায়হান। এদের মধ্যে নুরন্নবী ও সোহেল চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল ২ এর কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে জুলফিকার আলী বর্তমানে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি তিনি ৪৫তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

শুক্রবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, কর অঞ্চল নোয়াখালীর নিয়োগ পরীক্ষায় এই প্রতারণার ঘটনা ঘটে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন প্রার্থীর হাতের লেখায় অমিল পাওয়ায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেন যে তাদের পরিবর্তে অন্য ব্যক্তিরা প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় গত ২২ জুন সুধারাম মডেল থানায় জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছিল যার তদন্তভার বর্তমানে সিআইডি গ্রহণ করেছে।

তদন্তে জানা গেছে যে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ সময় ধরে অর্থের বিনিময়ে এই জালিয়াতি করে আসছিল। গত ৩০ জুলাই পৃথক অভিযানে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button