দক্ষিণ এশিয়া

পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থানের আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামাবাদ, ৩১ জুলাই – ভারতের মতো পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থান ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

মহসিন নাকভি বলেন, দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তরুণ প্রজন্মকে ককরোচ বা অন্য যে কোনো নামেই ডাকা হোক না কেন, তারা যদি ঐক্যবদ্ধ হয় তবে বর্তমান ব্যবস্থা ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি আরও উল্লেখ করেন যে, ভারতে বর্তমানে তরুণদের হতাশা থেকে সৃষ্ট ককরোচ পার্টির উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যদি বেকারত্ব এবং ত্রুটিপূর্ণ সরকারি প্রশাসন ব্যবস্থা অপরিবর্তিত থাকে, তবে শুধু পাকিস্তান নয় বরং পুরো দক্ষিণ এশিয়াজুড়ে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বর্তমানে শিক্ষার্থীদের যে আর্থিক বৃত্তি ও বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, মেধাভিত্তিক কর্মসংস্থানের অভাব থাকলে শুধু আর্থিক সুবিধা দিয়ে তরুণ প্রজন্মকে সন্তুষ্ট রাখা সম্ভব নয়। যদি অর্থনৈতিক স্বচ্ছতা ও মেধাতন্ত্র প্রতিষ্ঠিত না হয় এবং রাজনীতিতে কেবল ধনকুবেরদের প্রাধান্য থাকে, তবে ককরোচ পার্টির উত্থান অনিবার্য হয়ে পড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button