কক্সবাজার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কক্সবাজার, ৩১ জুলাই – কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে ১৪ সদস্যের এই দলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

শুক্রবার বেলা ১২টার দিকে প্রতিনিধিদলটি উখিয়ার ৮ ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। তারা সেখানে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর উখিয়ার বিভিন্ন ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল, খাদ্য বিতরণ কেন্দ্র ও রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের পাশাপাশি কর্মরত চিকিৎসক, নার্স ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন। ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে বিকেলে মার্কিন প্রতিনিধিদলটি উখিয়া উপজেলা সদরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়।

সফরকালে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা সরাসরি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে এই সফরকে কেন্দ্র করে সাধারণ রোহিঙ্গারা তাদের নিজ মাতৃভূমিতে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে টেকসই প্রত্যাবাসনের দাবি জানান। তারা এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

পরিদর্শন শেষে বিকেলেই প্রতিনিধিদলটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button