বিজয়নগরে ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বর্তমান জনবান্ধব সরকার কৃষিখাতকে উন্নত ও আধুনিক করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষির প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত কৃষি কার্ড কর্মসূচি দেশের কৃষি বিপ্লবে এক নতুন মাত্রা যোগ করেছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তারের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, চলতি বছর উপজেলায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে চম্পকনগর ইউনিয়নে নিবিড় প্রচারণার মাধ্যমে প্রায় ১৮ থেকে ২০ হেক্টর পতিত জমিকে নতুন করে চাষাবাদের আওতায় আনা সম্ভব হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১ হাজার ৫০০ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয়।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









