পাবনা

পাবনায় জ্বালানি সংকটে ইছামতী নদীর খননকাজ আট দিন ধরে বন্ধ

পাবনা, ১৮ এপ্রিল – পাবনা শহরের প্রাণ হিসেবে পরিচিত ইছামতী নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে জ্বালানি সংকট। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় গত আট দিন ধরে প্রকল্পের খননকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, খননকাজে ব্যবহৃত বিশাল সব এক্সক্যাভেটর ও বিভিন্ন ভারী যন্ত্রপাতি অলস পড়ে আছে। শ্রমিক ও যন্ত্রচালকরা কোনো কাজ করতে পারছেন না।

আটুয়া হাউজপাড়া এলাকায় কর্মরত এক যন্ত্রচালক জানান, পর্যাপ্ত ডিজেল না থাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে মেশিন চালানো সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে চাহিদামতো ডিজেল সংগ্রহ করা যাচ্ছে না। এতে প্রকল্পের কাজ পিছিয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় দ্রুত কাজ শেষ করা না গেলে খনন করা অংশ পুনরায় ভরাট হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

প্রকল্প পরিচালক সুধাংশু কুমার সরকার জানান, জ্বালানি সংকটের বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং জ্বালানি মন্ত্রণালয়কে এ ব্যাপারে জানানো হয়েছে। দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, প্রায় ১ হাজার ৫৫৪ কোটি টাকা ব্যয়ে পাবনার ইছামতী নদী পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিতকরণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language