পাবনা

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু, ব্যায়ামের সময় অসুস্থ হয়ে পড়ার তথ্য

পাবনা, ২ মে – পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে চুরকিন ভ্লাদিমির নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চুরকিন ভ্লাদিমির রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমটেক এনার্গোতে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের গ্রিন সিটি আবাসিকের একটি ভবনে বসবাস করতেন। পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবাসিক এলাকার ভেতরে ব্যায়াম করছিলেন ভ্লাদিমির।

সে সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে জানান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর সংশ্লিষ্ট দূতাবাস ও প্রকল্প কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ রাশিয়ায় তার পরিবারের কাছে পাঠানো হবে।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language