সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা ও লুটপাট, গ্রেফতার ৪

পাবনা, ২৪ মে – পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের পাথাইল হাট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।
এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই পাথাইল হাট এলাকায় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর আগে মার্চ মাসে বিএনপি সমর্থকদের দোকান ভাঙচুর এবং জমি থেকে পেঁয়াজ লুটে নেওয়ার অভিযোগে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছিল।
ওই মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী রাসেল ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ শুক্রবার দুপুরে স্থানীয় ছোট পাথাইল ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ এবং প্যান্ডেল সাজানো নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে দ্বন্দ্ব বাধে।
শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি ঘোরালো হলে স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে জিম্মি করে মাইকে ঘোষণার মাধ্যমে হামলাকারীদের জড়ো করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি ও ব্যবসায়ী রাসেলের দোকানে হামলা চালায়।
ভুক্তভোগী ব্যবসায়ী রাসেল জানান, তার দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে যার মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এছাড়া নারীদের লাঞ্ছিত ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। ঘটনার পর শুক্রবার রাতেই ২০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী রাসেল।
পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি হযরত আলী মাস্টারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে লুণ্ঠিত দোকানের সামনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান জানান, তিনি বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এস এম/ ২৪ মে ২০২৬









