মধ্যপ্রাচ্য

ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন দাবি নাকচ করল ইরান

তেহরান, ১৮ এপ্রিল – যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, তেহরান এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং এ সম্পর্কিত যাবতীয় দাবি ভিত্তিহীন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইব্রাহিম রেজাই গণমাধ্যমকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শূন্যে নামিয়ে আনা কিংবা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার যেকোনো প্রস্তাব ইরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই পারমাণবিক কর্মসূচিকে তেহরান তাদের একটি কৌশলগত রেড লাইন বা সীমারেখা হিসেবে বিবেচনা করে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন যে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ইরানের সব পারমাণবিক মজুত হাতে পাবে।

তবে ট্রাম্পের এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে জানান, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে তাদের নিজেদের মাটির মতোই পবিত্র। ফলে কোনো অবস্থাতেই এই মজুত অন্য কোথাও স্থানান্তর করার প্রশ্নই ওঠে না।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language