অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

তেহরান, ১৮ এপ্রিল – ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আর উন্মুক্ত রাখা হবে না।
আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প এর আগে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, ইরানের সাথে নতুন কোনো চুক্তির পথে এখন আর কোনো অচল অবস্থা নেই। তবে ট্রাম্প এটিও স্পষ্ট করেছেন যে, তেহরানের সাথে সকল লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।
গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, বর্তমানে হরমুজ প্রণালি সকল বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
এদিকে লেবানন ইস্যুতে ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইসরায়েলের জন্য লেবাননে বোমা হামলা চালানো এখন নিষিদ্ধ। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর বাস্তুচ্যুত মানুষেরা তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬





