গাজায় ৫৩০ টন জরুরি মানবিক সহায়তা পাঠালো আফগানিস্তান

গাজা, ১৫ এপ্রিল – গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ৫৩০ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে আফগানিস্তান সরকার। বুধবার আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিশরে অবস্থানরত একটি আফগান প্রতিনিধি দল এই ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্রস্তুত করেছে। রাফাহ সীমান্ত দিয়ে এই বিশাল পরিমাণ সহায়তা ইতিমধ্যে গাজায় প্রবেশ করেছে। প্রায় ৫ লাখ ডলার মূল্যের এই সহায়তার মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য ও পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এই ত্রাণ সামগ্রী গাজার প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। সহায়তা পাঠানোর পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে নিজেদের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে কাবুল। আফগান সরকারের মতে, ফিলিস্তিনিদের বৈধ অধিকার এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতেই এই সংকটের সমাধান হওয়া উচিত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭২ হাজার ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন।
আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১৩ জন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা সরকারের মিডিয়া অফিস অভিযোগ করেছে যে, ইসরায়েলি বাহিনী ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে চলেছে। গোলাগুলি ও অনুপ্রবেশের মাধ্যমে এই পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে তারা দাবি করেছে।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬









