রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

ঢাকা, ২৩ আগস্ট – পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ঢাকা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এই আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে আয়োজিত এই জুলুসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। জুলুসটি মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তাজমহল রোড, কৃষি মার্কেট ও রিং রোড প্রদক্ষিণ করে।
এরপর শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড এবং ধানমন্ডি ২৭ নম্বর সড়ক হয়ে মিরপুর রোডের আসাদ গেট ও কলেজ গেট অতিক্রম করে। সবশেষে এটি শ্যামলী ক্লাব মাঠে পৌঁছে সমাপ্ত হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল কলেমা ও ইসলামি বাণী সংবলিত নানা রঙের ব্যানার ও পোস্টার।
পুরো এলাকা নারায়ে তাকবির ও নারায়ে রিসালাত ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মানুষ এসময় হামদ ও নাতে রাসুল পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্যামলী ক্লাব মাঠে এক আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাবির শাহ।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ এবং সৈয়দ আকিব আহমদ শাহ। কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল আযহারী ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে সারগর্ভ আলোচনা করেন।
মাহফিলটি সঞ্চালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
এস এম/ ২৩ আগস্ট ২০২৬









