মধ্যপ্রাচ্য

কুয়েতে ভিজিট ভিসা ও ছুটির মেয়াদের বিশেষ সুবিধা বাতিল হচ্ছে

কুয়েত সিটি, ২৩ আগস্ট – কুয়েতে ভিজিট ভিসা এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বাতিল হতে যাচ্ছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ওই তারিখের পর থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মিত নিয়মগুলোই কার্যকর হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে অবস্থানরত বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও সাময়িকভাবে তিন মাস বাড়ানোর সুবিধা চালু করা হয়েছিল।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি এবং ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।

এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াতে কুয়েত সরকার স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর ব্যবস্থা চালু করেছিল। তবে বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় কুয়েত সরকার এই বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের স্বাভাবিক নিয়ম মেনেই প্রবাসীদের যাতায়াত ও অবস্থান নিশ্চিত করতে হবে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language