জাতীয়

বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং সুবিধা চালু

ঢাকা, ২৩ আগস্ট – নারী যাত্রীদের যাতায়াত সহজতর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ নারী বাস সার্ভিস ‘পিংক বাস’-এ ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে বাসে ওঠার পর যাত্রীরা কন্ডাক্টরের কাছ থেকে পয়েন্ট অব সেল বা পিওএস মেশিনের মাধ্যমে ডিজিটাল টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিটিং প্ল্যাটফর্ম সহজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী মোট ১৪টি পিংক বাসে এই আধুনিক টিকিটিং সুবিধা পাওয়া যাচ্ছে। নতুন এই ব্যবস্থায় যাত্রীদের আগে থেকে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রয়োজন নেই।

বাসে ওঠার পর যাত্রী তার গন্তব্য জানালে কন্ডাক্টর পিওএস মেশিন ব্যবহার করে তাৎক্ষণিক টিকিট ইস্যু করবেন। এতে হাতে লেখা টিকিটের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া আদায়ের তথ্য সংরক্ষিত থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। বিআরটিসির তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ১৪টি বাস দিয়ে এই সেবা পরিচালিত হচ্ছে।

এর মধ্যে ঢাকা ও তার আশপাশের বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করছে। এসব রুটের মধ্যে উল্লেখযোগ্য হলো নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও এবং মিরপুর ও মোহাম্মদপুর থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন রুট।

এ ছাড়া আবদুল্লাহপুর থেকে মতিঝিল, নারায়ণগঞ্জ থেকে মতিঝিল এবং গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও এই সেবা সচল রয়েছে। চট্টগ্রামে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে দুটি পিংক বাস চলাচল করছে যা বহদ্দারহাট ও আগ্রাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সংযুক্ত করেছে। অন্যদিকে বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে আরও দুটি বাস নারীদের যাতায়াত সেবা দিচ্ছে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language