মেলোনির সাহস নিয়ে ভুল ধারণা ছিল, ইতালীয় সংবাদমাধ্যমে মন্তব্য ট্রাম্পের

ওয়াশিংটন, ১৪ এপ্রিল – ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাহসিকতা নিয়ে নিজের ভুল ধারণার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মেলোনির যথেষ্ট সাহস আছে বলে তিনি আগে বিশ্বাস করলেও এখন সেই ধারণা বদলে গেছে।
মঙ্গলবার ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেল্লা ছেরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার তীব্র বিরোধিতা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। মূলত এই কারণেই মেলোনির কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।
সাক্ষাৎকারে তিনি বলেন, মেলোনির এমন অবস্থান তাকে বিস্মিত করেছে। এর আগে পোপ চতুর্দশ লিওকে আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে ধারণাহীন এবং দুর্বল ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। এর প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে মেলোনি বলেছিলেন, ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মেলোনির এই প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প পাল্টা আক্রমণ করে বসেন। তিনি দাবি করেন, মেলোনির নিজের অবস্থানই অগ্রহণযোগ্য।
ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা বা না থাকার বিষয়টি নিয়ে মেলোনি মোটেও চিন্তিত নন। অথচ সুযোগ পেলে ইরান মাত্র দুই মিনিটের মধ্যে ইতালিকে ধ্বংস করে দিতে পারে।
একসময় ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন জর্জিয়া মেলোনি। তবে ইরান ইস্যুতে ভিন্ন অবস্থানের কারণে বর্তমানে এই দুই নেতার মধ্যে সুস্পষ্ট দূরত্বের সৃষ্টি হয়েছে।
এনএন/ ১৪ এপ্রিল ২০২৬









