আমিরাতে বাংলাদেশি ড্রাইভার ও দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বৈঠক

ঢাকা,১৩ অক্টোবর- সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাকচালকসহ দক্ষ শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে সুসংহত হওয়া দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের ভিত্তির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের ধারাবাহিক আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ও ট্রাকচালক হিসেবে কাজের সুযোগ তৈরি এবং আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা নিয়ে উভয় প্রতিনিধি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।
এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং কৌশলগত অবকাঠামো ও শিল্প খাতে নতুন অংশীদারত্ব তৈরির সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এস এম/ ১৩ অক্টোবর ২০২৬







