ঠাকুরগাঁওয়ে ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআর ক্যাম্পেইন

ঠাকুরগাঁও, ১৩ অক্টোবর- নগদ টাকার পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটানো এবং ক্যাশলেস লেনদেনে মানুষকে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ে বাংলা কিউআর (Bangla QR) ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঠাকুরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের সার্বিক নির্দেশনায় এবং অগ্রণী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের পরিচালক এ কে এম কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোকাররম হোসেন এবং অগ্রণী ব্যাংকের রংপুর সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. সজিবুর রহমান।
এ সময় বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্থানীয় কর্মকর্তারাও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. সাদেকুল ইসলাম। তিনি বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানো এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহার করে সহজে, নিরাপদে ও দ্রুত ডিজিটাল লেনদেন করা যায়। এ ব্যবস্থার ব্যাপক প্রচলন হলে নগদ টাকার ওপর নির্ভরতা কমবে এবং ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়বে। এ কারণে ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। পাশাপাশি ই-ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল লেনদেন করে এর ব্যবহারিক দিক তুলে ধরা হয়। এ ছাড়া মার্চেন্টদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।
এস এম/ ১৩ অক্টোবর ২০২৬







