বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন নীতীশ কুমার, বিকেলে নতুন নাম ঘোষণা

কলকাতা, ১৪ এপ্রিল – ভারতের বিহার রাজ্যের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটেছে। রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জনতা দল ইউনাইটেড বা জেডিইউ প্রধান নীতীশ কুমার। মঙ্গলবার সকালে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। ধারণা করা হচ্ছে বর্তমান মন্ত্রিপরিষদের এটিই ছিল শেষ বৈঠক। তার এই পদত্যাগের মধ্য দিয়ে বিহারের ক্ষমতাসীন এনডিএ জোটে বড় ধরনের নেতৃত্বের পরিবর্তন হতে যাচ্ছে। আজ বিকেলের মধ্যেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।
নীতীশ কুমারের এই পদত্যাগ একেবারে আকস্মিক নয়। গত ১০ এপ্রিল তিনি রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে তিনি এবার দিল্লির রাজনীতিতে মনোযোগ দেবেন এবং বিহারের জন্য নতুন কোনো উত্তরাধিকারী নির্বাচন করবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতীশ কুমার ভারতের লোকসভা, রাজ্যসভা এবং বিহারের বিধানসভা ও বিধান পরিষদ অর্থাৎ চারটি কক্ষেরই সদস্য হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন। জেডিইউ এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী না থাকলেও বিহারের সার্বিক উন্নয়নে নীতীশ কুমারের প্রভাব ও নির্দেশনা অব্যাহত থাকবে।
তিনি কেবল রাজ্যসভার অধিবেশন চলাকালে দিল্লিতে অবস্থান করবেন এবং বাকি সময় বিহারের মানুষের পাশেই থাকবেন। এনডিএ জোটের এই ক্ষমতার রদবদল নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা চলছিল। বিশেষ করে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক এবং বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অন্যদিকে নীতীশের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দলের একটি অংশ তার ছেলে নিশান্ত কুমারকে সক্রিয় রাজনীতিতে আনার দাবিতে পাটনার রাস্তায় পোস্টার লাগিয়েছে। তবে বিজেপি ও জেডিইউ নেতৃত্বের পক্ষ থেকে ধারাবাহিকতা ও স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে। যেহেতু ২০২৫ থেকে ২০৩০ সালের নির্বাচনী ম্যান্ডেট নীতীশের নেতৃত্বেই অর্জিত হয়েছে তাই নতুন নেতৃত্ব তার নির্দেশনায় কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। বিহারের রাজনীতিতে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









