জামিন পেলেন বিএনপির ১৪৪ নেতাকর্মী

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ ১৪৪ নেতাকর্মীকে পৃথক ছয় মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন শেষে তাঁদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
আরও পড়ুন : অস্ত্র মামলা থেকে ইরফানকে অব্যাহতি
ঢাকার ৭৪ নেতকর্মীকে তিন মামলায় আগামী ২১ মার্চ পর্যন্ত এবং রাজশাহীর ৭০ জনকে তিন মামলায় চার সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর-উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি শাহবাগ ও রমনা থানায় পৃথক তিনটি মামলা হয়। এসব মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ৭৪ নেতাকর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।
আর রাজশাহীর কয়েকটি পৌরসভা নির্বাচনে সহিংসতার অভিযোগে করা তিন মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদসহ ৭০ নেতাকর্মী আগাম জামিনের আবেদন করেন।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি









