বিজেপি বাড়ি গিয়ে উল্টাপাল্টা বললে কান মলে দেবেন : মমতা

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি – পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের আগে ভোটবাজার এখন জমজমাট। প্রতিদিনই বাড়ছে ভোটের উত্তাপ। এইতো আজ বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টা আগে নামখানায় দাঁড়িয়ে তৃণমূলকে তুলোধোনা করেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পৈলানের সভা থেকে তার আক্রমণের পাল্টা জবাবও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা এদিন বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, ভোটের মুখে বাংলায় এসে এখন বড়ো বড়ো কথা বলছে। তারা নাকি জিতবে! মনে রাখবেন, বাংলার নারীরা আমাদের বড়ো সমর্থক। বাংলার মা বোনদের বলবো, ওরা (বিজেপি) বাড়ি গিয়ে উল্টাপাল্টা কিছু বললে কান মলে দেবেন। কান মলে দিলেতো আর মামলা হবে না। এমনকি কাউকে বলতে এবং দেখাতেও পারবে না।
মমতা আরো বলেন, আমি কখনও দেখিনি কেন্দ্রের একজন স্বরাষ্ট্রমন্ত্রী এতো মিথ্যা কথা বলেন। প্রতিদিন তারা বাংলায় আসছে। আবার বলছে, এখানে নাকি স্বরস্বতি পূজা হয় না। যদি বড়ো হিন্দু হয়ে থাকো তাহলে স্বরস্বতি পূজার একটা মন্ত্র বল। আমরা কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারি।
আরও পড়ুন : অমিতের সভায় আচমকা বিক্ষোভ মহিলার, সামাল দিতে বক্তৃতায় বারংবার ‘হোঁচট’ খেলেন শাহ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা নাকি বাংলায় দুর্গাপূজা করতে দেইনা। তাহলে বাংলার ক্লাবগুলো কি ৫০ হাজার করে রুপি এমনি এমনি পাচ্ছে? আমাদের হিন্দু ধর্ম চেনাবেন না।
অমিত শাহের নাম প্রকাশ না করে মমতা বলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর দেখতে গিয়েছিলেন বিজেপির একজন নেতা। তিনি নামেই দু’নম্বর। তার নাম বলবো না। উনি বলেছেন গঙ্গাসাগর ইতনা খারাপ। এই.. মূর্তিমান এতোদিন কোথায় ছিলে গো? ওই গঙ্গাসাগরে লোক যাওয়ার যোগ্য ছিলো না। একটা পয়সা দিয়েছো? আমরা করেছি সব উন্নয়ন।
মমতা আরো বলেন, বাংলায় এসে আজ খালি বুয়া-ভাতিজা (মমতা এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়) করে চলেছে। দিদির সঙ্গে পরে হবে, আগে ভাতিজার সঙ্গে লড়াই করুন। মমতা এদিন অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আগে অভিষেকের সঙ্গে প্রতিদ্বন্ধীতা করে হারাও। তারপর তো আমি। মনে রাখবেন, সুন্দরবনে কুমির বের হলে ওদের কিন্তু দেখা পাওয়া যায় না। আম্পান ঝড়ে এতো মানুষ মারা গেলো কিন্তু একটা পয়সাও দেয়নি।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি







