শান্তি আলোচনা ব্যর্থ, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু

তেল আবিব, ১২ এপ্রিল – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা চলার মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তাদের অভিযান এখনো শেষ হয়নি এবং আরও অনেক কিছু করার বাকি আছে।
একটি আনুষ্ঠানিক বিবৃতিতে লেবাননের সঙ্গে শান্তি আলোচনার অনুমোদন দেওয়ার কথা নিশ্চিত করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানের কিছু সফলতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কারণে পুরো অঞ্চলে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিলে বিশ্বব্যাপী বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে জ্বালানি তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে।
এরপর গত ৭ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। শনিবার বিকেলে ইসলামাবাদের সেরেনা হোটেলে ‘ইসলামাবাদ টকস’ শীর্ষক এক উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়। এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের প্রতিনিধিত্ব করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে কয়েক ঘণ্টার দীর্ঘ ও টানটান উত্তেজনার আলোচনা শেষেও ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়ে কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কোনো সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে মার্কিন প্রতিনিধিদল।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬









